কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশালের বাবুগঞ্জ ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
এর আগে শনিবার (৩০ আগস্ট) রাতে অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভবনসমূহে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
তারা জানান, দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিমেল হাজবেন্ড্রি-সংবলিত কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হচ্ছে। এতে দুটি পদে আবেদন করার সুযোগ থাকে। কিন্তু পবিপ্রবির বাবুগঞ্জ ক্যাম্পাসে সেই সুযোগ নেই।
অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি বলেন, আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১০ দিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রতিবেদন প্রকাশ হয়নি। একাডেমিক কাউন্সিলও গঠন করা হয়নি। তাই আমরা বাধ্য হয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছি। একাডেমিক কাউন্সিল গঠিত না হওয়া পর্যন্ত বাবুগঞ্জ ক্যাম্পাস শাটডাউন চলবে।