জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে এ দাবি জানান সংগঠনটির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, গত তিনটি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি অংশ নিয়েছিল। তাদের পোস্টারেও ‘আওয়ামী মনোনীত প্রার্থী’ লেখা ছিল। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে কোনো পার্থক্য নেই। তাই জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার জন্য পদক্ষেপ নিতে আমরা আহ্বান জানিয়েছি।
আদীব আরও জানান, অভ্যুত্থানের এক বছর পরও অনেকের পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত হয়নি। এ পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। অভ্যুত্থানে অংশ নেওয়া প্রবাসীদের আইনি সহায়তা দেওয়ার দাবিও জানানো হয়েছে।
গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় সংস্থার সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, রাষ্ট্রীয় সংস্থাগুলো নির্বাচনে প্রভাবিত করেছে। তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া উচিত।
নির্বাচন কমিশনের সক্ষমতা ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রধান উপদেষ্টাকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আদীব বলেন, জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে এনসিপি।
এনসিপির এই নেতা আরও বলেন, ১০০ আসনে সরাসরি নারীরা নির্বাচন করতে পারে, তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। ফেব্রুয়ারিতে যাদের ১৮ বছর পূর্ণ হবে, তারাও যাতে ভোট দিতে পারে, তা নিশ্চিত করার দাবি তুলেছেন তারা।
এছাড়া, বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্যও প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায় এনসিপি।