রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে একজন যুক্তরাষ্ট্র নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে জ্যাকসন নামে ওই যুক্তরাষ্ট্রের নাগরিকের মৃত্যুর স্বাভাবিকভাবে হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জ্যাকসন নামে যুক্তরাষ্ট্রের ওই নাগরিক গত ২৭ আগস্ট হোটেল ওয়েস্টিনে একটি রুম ভাড়া নেন। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে জ্যাকসন হোটেল ওয়েস্টিনের রুমটি নেন। কিন্তু গত দুইদিন ধরে ওই ব্যক্তি কোনো ধরনের খাবার অর্ডার না করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং তারা এই বিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও পুলিশকে জানায়।
পরে দূতাবাস থেকে মেডিকেল টিমসহ একটি টিম আসে এবং পুলিশেরও একটি টিম যায়। গিয়ে সেখানে দেখতে পায় জ্যাকসন নামে ওই ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছে বিছানায়।
ওসি হাফিজুর রহমান আরও জানান, পরে তার মৃত্যু স্বাভাবিক প্রতীয়মান হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ আমাদের কাছে লিখিত আবেদন করে মরদেহটি নিয়ে যায়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি জ্যাকসন বাংলাদেশ ব্যবসায়িক কাজে এসেছিলেন। আর যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে তিনি হোটেলে ওঠেন।