পথের দাবী নিয়ে সৃজিতের ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বহুল আলোচিত উপন্যাস ‘পথের দাবী’র শতবর্ষ পূর্তি হবে আগমী বছর। লেখক ও বইটি নিয়ে সিনেমা বানাচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। নাম দিয়েছেন  ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’। গতকাল রবিবার সিনেমাটির ঘোষণা দেন নির্মাতা।

‘পথের দাবী’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সব্যসাচীকে সেই সময়ের এক বিখ্যাত বিপ্লবীর আদলে গড়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সব্যসাচী ইংরেজদের নাকের ডগায় বসে একের পর এক বিপ্লবী কাজ করে যায়, কিন্তু তাকে ধরার সাধ্য ছিল না তৎকালীন শাসকের। ১৯২৬ সালের ৩১ আগস্ট শরৎচন্দ্রের ‘পথের দাবী’ প্রকাশিত হওয়ার পর ব্রিটিশবিরোধী আন্দোলন আরও জোরালো হয়েছিল। যার জেরে ১৯২৭ সালের জানুয়ারিতে বইটি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সৃজিত বলেন, ‘পথের দাবীর রচনাকাল, সেই সময়ের রাজনীতি, উপন্যাসটি নিষিদ্ধ হওয়াকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা এবং ব্যক্তিত্বদের নিয়েই সিনেমাটি বানাচ্ছি।’ এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়া।

এরই মধ্যে চিত্রনাট্য লেখার কাজ শেষ। সব ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরে শুটিং শুরু করবেন সৃজিত। ২০২৬ সালের ১ মে মুক্তি পাবে সিনেমাটি।