নতুন গানে ফাহমিদা নবী

বাংলাদেশের সংগীতাঙ্গনের নন্দিত তারকা ফাহমিদা নবী। দীর্ঘদিনের সংগীত জীবনের পথচলায় বৃষ্টি নিয়ে বেশ কয়েকটি গান গেয়েছেন তিনি। তবে বৃষ্টি নিয়ে এবার যে গানটি গেয়েছেন সেই গানটি নিয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত। কারণ এ গানটির কথা এবং সুর তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। গানের শিরোনাম ‘মেঘলা আকাশ’। এই নামে নারগিস আক্তার একটি সিনেমা নির্মাণ করেছিলেন। সিনেমাটি বেশ প্রশংসাও কুড়িয়েছিল। ‘মেঘলা আকাশ ভেঙে পড়ে আমার জানালায়’ এমন কথার ফাহমিদার নতুন গানটি লিখেছেন আব্দুল ও সোহানা। তারা দুজন স্বামী-স্ত্রী। সুর ও সংগীতের পাশাপাশি ফাহমিদা নবীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন আব্দুল।

গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘এর আগেও আমি বৃষ্টি নিয়ে গান গেয়েছি। কিন্তু আব্দুল ও সোহানার লেখা এই গানটি এত বেশি ভালো লেগেছে আমার যা ভাষায় প্রকাশের নয়। গানের কথা ও সুরের এত চমৎকার মেলবন্ধন যা আগে আমার কোনো বৃষ্টির গানে পাইনি আমি। গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী এবং উচ্ছ্বসিতও বটে। গানটির কথা, সুর, সংগীত সত্যিই চমৎকার মনে হয়েছে আমার কাছে। চলতি মাসের শুরুতে সিলেটে এই গানের মিউজিক ভিডিও করতে যাচ্ছি। আশা করছি গানটি যেমন মনের মতো হয়েছে, ভিডিওটিও হবে আরও অনেক বেশি ভালোলাগার। ধন্যবাদ আব্দুল ও সোহানাকে, এত চমৎকার একটি গানের জন্য।’

গত ২৭ আগস্ট বিটিভিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে ফাহমিদা নবীকে একটি অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করতে দেখা যায়। তার কয়েক দিন আগে মাছরাঙ্গা টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘তোমায় গান শোনাবো’র ৬০০তম পর্বে গান পরিবেশন করেন ফাহমিদা নবী। এদিকে সর্বশেষ আমেরিকাতে টানা সাড়ে তিন ঘণ্টার একক শোতে সংগীত পরিবেশন করে দেশে ফেরেন বরেণ্য এই সংগীতশিল্পী। বর্তমানে ফাহমিদা নবী তার নিজের সুর করা গান নিয়েও ভীষণ ব্যস্ত। একে একে তার সুর করা গানগুলোও প্রকাশ পাবে বলে জানান তিনি।