ইতালির ভেনিস শহর থেকে একটু দূরে লিদো দ্বীপে পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্র্যান্দেতে চলছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পৃথিবীর সবচেয়ে পুরনো এই উৎসবের ৮২তম আসরেও দেখা যাচ্ছে হলিউড তারকাদের আধিপত্য। প্রথম দিন থেকেই ঝলক দেখাচ্ছেন হলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পীরা। এবার ঝড় তুললেন অস্কারজয়ী তরুণ অভিনেত্রী এমা স্টোন। তার নতুন ছবি ‘বুগোনিয়া’ প্রদর্শিত হয় উৎসবে। ছবিতে তিনি এক প্রভাবশালী ওষুধ কোম্পানির সিইওর চরিত্রে অভিনয় করেছেন, যাকে দুই যুবক অপহরণ করে, কারণ তাদের বিশ্বাস, তিনি নাকি আসলে ভিনগ্রহের প্রাণী।
অস্কারজয়ী নির্মাতা ইয়োরগস ল্যান্থিমস পরিচালিত এই ছবিটি ষড়যন্ত্র তত্ত্ব ও ‘ইকো চেম্বার’-এর প্রভাব নিয়ে তৈরি। সমালোচকদের মতে, গল্প যতটা সাই-ফাই মনে হয়, আসলে তার ভেতরে রয়েছে গভীর সামাজিক ও রাজনৈতিক ইঙ্গিত। এমা স্টোন বলেন, ‘এটা শুধু ভয়ের বা অদ্ভুত গল্প নয়, আমাদের সময়ের প্রতিচ্ছবি। এমনভাবে বলা হয়েছে, যা একই সঙ্গে মর্মস্পর্শী, হাস্যরসাত্মক আর ভীষণ জীবন্ত।’
ছবিতে অপহরণকারীর ভূমিকায় আছেন জেসি প্লেমন্স, যিনি চরিত্রটিকে এক ‘যন্ত্রণাক্লিষ্ট আত্মা’ হিসেবে তুলে ধরেছেন। তার সঙ্গে আছেন নতুন মুখ আইডান ডেলবিস। শুটিংয়ের জন্য এমা স্টোনকে মাথাও কামাতে হয়েছে। হাসতে হাসতে তিনি বলেন, ‘চুল কামানোটা সবচেয়ে সহজ কাজ ছিল, যেকোনো হেয়ারস্টাইলের চেয়ে অনেক সহজ!’
‘বুগোনিয়া’ কোরিয়ান নির্মাতা জাং জুন-হোয়ানের ২০০৩ সালের ছবি ‘সেভ দ্য গ্রিন প্ল্যানেট’! থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি। সমালোচকরা সিনেমাকে বর্ণনা করছেন ‘সাসপেন্স, সায়েন্স ফিকশন, অন্ধকার হাস্যরস আর সামাজিক ব্যঙ্গের এক অনন্য মিশ্রণ’ হিসেবে। অনেকের মতে, ল্যান্থিমসের আগের কাজগুলোর তুলনায় এটি বেশি গ্রহণযোগ্য। তবে যেভাবেই দেখা হোক, ছবির কেন্দ্রীয় শক্তি নিঃসন্দেহে এমা স্টোনের অভিনয়।