বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে আব্দুল্লা আল মামুন ওরফে পিন্টু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরের হিলভিউ আবাসিক এলাকায় কথা-কাটাকাটির জের ধরে এ হত্যাকান্ড- হয়। পুলিশ জানায়, দেলোয়ার নামে এক বন্ধু ও তার সহযোগীরা আব্দুল্লা আল মামুন ওরফে পিন্টুকে মারধর করে। একপর্যায়ে পিন্টুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, নিহত যুবক ঘাতকদের বন্ধু ছিলেন। এক সঙ্গে তারা চলাফেরা করতেন। আড্ডা দিতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আব্দুল্লা আল মামুন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের ভাষ্য, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।