হিলিতে ডজনপ্রতি ডিমের দাম কমল ১২ টাকা

চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ডজনপ্রতি ডিমের দাম কমেছে ১২টাকা। এক সপ্তাহ আগে প্রতি ডজন ডিমের দাম ছিল ১৪০ টাকা। বর্তমানে তা কমে ১২৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে ডিম কিনতে আসা আফরোজা বেগম বলেন, ‘নিম্নআয়ের মানুষদের পুষ্টির চাহিদা মেটানোর একমাত্র উপকরণ হলো ডিম। মাছ-মাংসের যে দাম আমাদের মতো মানুষদের তো এত দাম দিয়ে কিনে খাওয়া সম্ভব নয়। তাই একমাত্র ডিম ছিল আমাদের পুষ্টির চাহিদা মেটানোর একমাত্র খাবার। কিন্তু গত কয়েকদিন ধরেই ডিমের দাম ঊর্ধ্বমুখী ছিল যার ফলে পরিবারের চাহিদামতো ডিম কিনতে পারছিলাম না। যেখানে দুই হালি ডিম লাগত সেখানে এক হালি ডিম কিনতে হচ্ছিল। এখন ডিমের দাম আবারও কিছুটা কমতে শুরু করেছে এতে করে আমাদের মতো মানুষদের কিছুটা সুবিধা হয়েছে। দাম যেন এ রকম কমের মধ্যে নিম্নআয়ের মানুষদের নাগালের মধ্যে থাকে সেই দাবি জানাচ্ছি।

হিলি বাজারে ডিম কিনতে আসা আফজাল হোসেন বলেন, ডিমের দাম গত কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী ছিল যার কারণে আমাদের খুব বিপাকের মধ্যে পড়তে হচ্ছিল। তবে এ সপ্তাহ থেকে ডিমের দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহে যে ডিম ১৪০ টাকা ডজন কিনেছিলাম এই সপ্তাহে সেই ডিম কিনতে পারছি ১২৮ টাকা ডজন হিসেবে। ডজনপ্রতি ডিমের দাম ১২ টাকা করে কমেছে এতে করে আমাদের জন্য সুবিধা হয়েছে। দাম যদি আরও কমে আমাদের মতো মানুষদের জন্য ভালো হয় কিনে খেতে পারি আরকি। 

হিলি বাজারের ডিম বিক্রেতা সুলতান মাহমুদ বলেন, তীব্র গরমের কারণে ডিমের উৎপাদন কিছুটা কমে গিয়েছিল। এতে করে মোকামে চাহিদার তুলনায় সরবরাহ কমায় ডিমের দাম ঊর্ধ্বমুখী হয়েছিল। মোকাম থেকে আমাদের চাহিদামতো ডিম সরবরাহ করছিল না যার কারণে বাজারেও চাহিদার তুলনায় সরবরাহ কমায় ডিমের দাম বাড়ছিল। বর্তমানে আবহাওয়া ভালো থাকায় খামারগুলোতে ডিমের উৎপাদন বাড়ায় মোকামে ডিমের সরবরাহ বেড়েছে। এতে করে মোকামে ডিমের দাম আগের তুলনায় কমতে শুরু করেছে। সেই সঙ্গে মোকাম থেকে এখন আমাদের চাহিদামতো ডিম সরবরাহ করছে।