নিরাপত্তা বিবেচনায় নুরের বিদেশে চিকিৎসার দাবি জানালেন রাশেদ 

চলমান পরিস্থিতির নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরকে বিদেশে উন্নত চিকিৎসা ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি বিষয়টি উল্লেখ করেছেন।

রাশেদ খাঁন লিখেছেন, নুরুল হক নুরের উন্নত চিকিৎসা না হলে পরবর্তীতে স্থায়ী ক্ষতির সম্ভাবনা রয়েছে। কারণ আঘাত লেগেছে তার দুই চোখে এবং নাকের হাড় ভেঙে গেছে। 

তিনি বলেন, ‘এগুলো সেনসিটিভ স্থান। উন্নত চিকিৎসা ছাড়া বড় ধরনের জটিলতা দেখা দিতে পারে।’

তিনি আরও বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আমাদের আস্থা থাকলেও নানা কারণে নুরুল হক নুরের চিকিৎসায় নিরাপত্তার ঝুঁকি রয়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘নুরকে সুস্থ দেখানোর চেষ্টা করা হবে। কিন্তু কিভাবে মুখ ও মাথায় আঘাত করা হয়েছে, তা সবাই দেখেছে। এই হামলার পেছনে যদি কোনো বড় পরিকল্পনা না থাকে, তাহলে এমন আঘাত করা সম্ভব নয়। তাই অনতিবিলম্বে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিদেশে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

এর আগে, রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাশেদ খাঁন বলেন, নুরুল হক নুর সুস্থ হওয়ার পর হামলার ঘটনায় মামলা করবেন তারা।

তিনি বলেন, ‘কিছু সেনাসদস্য মিলে নুরসহ অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এই ঘটনায় জড়িত সেনাসদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সামরিক আইনে ব্যবস্থা নেওয়া উচিত।’