ইউক্রেন সংঘাতের জন্য ন্যাটো ও পশ্চিমাদের দোষারোপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বছরের পর বছর ধরে চলা পশ্চিমা উসকানির প্রভাবেই মস্কো সেখানে আক্রমণ করে। সোমবার চীনের সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে পুতিন দাবি করেন, ন্যাটো অস্থিরতা সৃষ্টি করেছে।
তিনি বলেন, ইউক্রেনে টেকসই ও দীর্ঘমেয়াদী শান্তির জন্য পশ্চিমাদের তৈরি সংকটকে আমলে নিতে হবে। পুতিন দাবি করেন, রাশিয়া ইউক্রনে যুদ্ধ শুরু করেনি। তার ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। পুতিন ২০১৩-২০১৪ সালের কথা উল্লেখ করে বলেন, ইউরোপপন্থী বিদ্রোহে ইউক্রেনের তৎকালীন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতন ঘটেছিল।
রাশিয়া এর প্রতিক্রিয়ায় ক্রিমিয়া দখল করে এবং পূর্ব ইউক্রেনীয় বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে। যদিও ২০২২ সালে ইউক্রেনে পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করে মস্কো যা এখনো থামেনি। এর জেরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দেশটির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা দেয় এবং রাশিয়া পশ্চিমা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।