১ ওভারে ৪৩ রান দিয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড

আমেরিকার মাইনর লিগ ক্রিকেটে অরল্যান্ডো গ্যালাক্সির বোলার রিশি ভেরমানিকে মনে রাখবে ক্রিকেট বিশ্ব, কিন্তু সেটা দুঃখজনক কারণে। গত ৩০ আগস্ট নর্থ ক্যারোলিনার চার্চ স্ট্রিট পার্কে আটলান্টা ফায়ারের বিপক্ষে ভেরমানি এক ওভারে খরচ করেছেন ৪৩ রান, যা মাইনর লিগে খরুচে বোলিংয়ের নতুন রেকর্ড।

আগে ব্যাট করে প্রথম চার ওভারে মাত্র ৩০ রান তোলে আটলান্টা। এরপর পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন ভেরমানি। শুরু হয় দুঃস্বপ্নের প্রহর। ওভারের প্রথম ডেলিভারি নো-বল, পরের বল ওয়াইড, এরপর আবার নো-বল, যেটাকে স্টিভেন টেইলর উড়িয়ে পাঠান সীমানার বাইরে। পরের ফ্রি হিটও নো-বল হয়ে যায়, এবং আরও এক ছক্কা মারেন টেইলর।

এমনভাবে ভেরমানি কোনো বৈধ ডেলিভারি ছাড়াই ২০ রান খরচ করে ফেলেন! অবশেষে প্রথম বৈধ ডেলিভারিতে সাগর প্যাটেল হাঁকান ছক্কা। ৬টি বৈধ বল করার জন্য ভেরমানি মোট ১৩টি ডেলিভারি করেন! খরচ করেন মোট ৪৩ রান। এরপর ভেরমানিকে আর বোলিংয়ে আনার সাহসই পাননি অরল্যান্ডো গ্যালাক্সির অধিনায়ক। অ্যাটলান্টার ২১৭ রানের জবাবে অরল্যান্ডো গ্যালাক্সি ১৪২ রানে অলআউট হয়।