বহিরাগতদের হামলার প্রতিবাদ ও ছয় দাবিতে এবার রেলপথ অবরোধ করলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় সংলগ্ন এলাকায় রেললাইনের ওপর সারিবদ্ধভাবে বসে ছয় দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বাকৃবি ক্যাম্পাসে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের ওপর যে ন্যক্কারজনক হামলা করেছে, আমরা তার নিন্দা জানাই এবং বিচার চাই। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে ক্যাম্পাস ও হল বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তা প্রত্যাখ্যান করছি। ছয় দফা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
গত ৩০ আগস্ট রাত পোনে ৮টার দিকে বহিরাগতরা বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে সাংবাদিক ও নারী শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হন। ঘটনার পর বাকৃবি শাখা ছাত্রদল, ছাত্রশিবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা নিন্দা ও প্রতিবাদ জানান।