এবারের ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে পিএসজি থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুমা। পিএসজি থেকে তাকে ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে এনেছে সিটিজেনরা। সঙ্গে আছে অ্যাড-অন প্যাকেজ, তবে সেটির আর্থিক মূল্য এখনও জানা যায়নি। অন্যদিকে ৮ বছর কাটানোর পরে ম্যানচেস্টার সিটি ছাড়লেন ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসন মোরায়েস।
২৬ বছর বয়সী দোন্নারুমাকে দলে নেওয়ার দৌড়ে ছিল ইউরোপের অনেক ক্লাবই। তবে শেষ হাসি হাসল ম্যানসিটি। ধারণা করা হচ্ছে দীর্ঘমেয়াদী চুক্তিতেই প্রিমিয়ার লিগের এই ক্লাবে সই করলেন দোনারুমা। গেল মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ে পিএসজিতে গোলপোস্টের নিচে দারুণ ভূমিকা ছিল দোন্নারুমার। তবে প্রাক মৌসুম ম্যাচে দোন্নারুমাকে স্কোয়াডে রাখেননি পিএসজি কোচ লুইস এনরিকে। দোন্নারুমাও ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।
তুরস্কের ক্লাব ফেনেরবাচেতে যোগ দিচ্ছেন এদেরসন। ১৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে নিচ্ছে ফেনেরবাচে। ২০১৭ সালে ম্যান সিটিতে যোগ দিয়েছিলেন এদেরসন। সিটির হয়ে জিতেছেন ১৮টি ট্রফি, যার মধ্যে আছে ৬টি প্রিমিয়ার লিগ এবং একটি করে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ।
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড দলে নিয়েছে বেলজিয়ান গোলকিপার সেনে লামেনসকে। বেলজিয়াম ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্প থেকে ২১ মিলিয়ন ইউরো সঙ্গে অ্যাড-অন চুক্তিতে ম্যানইউতে দলে যোগ দিয়েছেন ২৩ বছর বয়সী এই গোলকিপার। সেনে লামেনস বেলজিয়ামের অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন।