নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় গাছের সাথে বেঁধে সম্রাট আকবর নামক এল যুবদল নেতাকে পিটানোর অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে। উপজেলার বিরবিরি গ্রামে রবিবার (৩১আগস্ট) রাতে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত জসিম উদ্দিন জাহাজমারা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড বিরবিরি গ্রামের বাসিন্দা এবং একই ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
ভুক্তভোগী সম্রাট আকবর উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ববিরবিরি গ্রামের ইমাম হোসেনের ছেলে এবং ওই ইউনিয়নের পূর্ব শাখার ছাত্রদলের সাবেক সভাপতি ছিল। বর্তমান যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।
আহত সম্রাট বলেন, জসিমের সঙ্গে আমার রাজনৈতিক মতবিরোধ রয়েছে। আমি আমার এক বন্ধুর সাথে দেখা করে বাড়ি ফিরছিলাম। পথে জসিমের বাড়ির দরজায় তাদের সঙ্গে আমার দেখা হয়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে জসিমের লোকজন আমাকে বাড়ি ভেতর নিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলে। এরপর জসিম লাঠি নিয়ে আমাকে বেদম পিটাতে থাকে। লাঠি ভেঙে গেলে বিদ্যুতের মোটা তার দিয়ে মারতে থাকে। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।
অভিযোগের বিষয়ে অস্বীকার করে জসিম বলেন, ঘটনাটি সঠিক নয়। তবে সম্রাটকে কেন আহত অবস্থায় তার বাড়ি থেকে উদ্ধার করেছে হয়েছে এমন প্রশ্ন করলে তিনি কৌশলে এড়িয়ে যান।
এ বিষয়ে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খোরশেদ আলম বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। জসিমের বাড়ি থেকে আহত সম্রাটকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তার পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।