যুবদল নেতাকে গাছের সঙ্গে বেঁধে বেদম পিটুনি

নোয়াখালীর হাতিয়ায় গাছের সাথে বেঁধে সম্রাট আকবর নামক এক যুবদল নেতাকে পিটানোর অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে। রবিবার (৩১ আগস্ট) রাতে  উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিরবিরি গ্রামে এই ঘটনাটি ঘটে।

অভিযুক্ত জসিম উদ্দিন জাহাজমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিরবিরি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি একই ওয়ার্ডের সাবেক  ইউপি সদস্য । 

সম্রাট আকবর জাহাজমারা ইউনিয়নের পূর্ববিরবিরি গ্রামের মৃত ইমাম ছেলে। তিনি  জাহাজমার ইউনিয়নের পূর্ব শাখার ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। বর্তমান ইউনিয়ন যুবদলের রাজনীতির সাথে জড়িত।

স্থানীয়রা জানান,জসিমের বাড়িতে সম্রাট আকবরকে গাছের সাথে বেঁধে পিটানো হচ্ছে। এ খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে  উদ্ধার করতে গেলে জসিমের লোক তাদেরকে বাধা দেয়। পরে তার স্বজনরা ৯৯৯ এ কল দিয়ে সহযোগিতা চান। পরে পুলিশ এসে সম্রাটকে উদ্ধার করে।

আহত সম্রাট আকবর জানান, জসিমের সঙ্গে তার রাজনৈতিক মতবিরোধ রয়েছে। এক বন্ধুর সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে কথা কাটাকাটির এক পর্যায়ে জসিমের লোকজন তাকে বাড়িতে ধরে নিয়ে গিয়ে লাঠি এবং বিদ্যুতের তার দিয়ে পেটায়। এতে তার হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশে রক্তক্ষরণ হয়

এ বিষয়ে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খোরশেদ আলম বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। জসিমের বাড়ি থেকে আহত অবস্থায় সম্রাট কে উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত জসিম উদ্দিন বলেন, ঘটনাটি সঠিক নয়। তবে পুলিশ আহতকে বাড়ি থেকে উদ্ধার করেছে।

হাতিয়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এ কে এম আজমল হুদা  জানান, এ ব্যাপারে আহত সম্রাট বাদী হয়ে  দুই জনকে আসামি  করে  থানায় একটি মামলা  করেছেন।  দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।