ঈশ্বরগঞ্জে কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিলের ধানক্ষেত থেকে মো. মজনু মিয়া (৫৫) নামে এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম।

সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের কৃষকের বাড়ির পাশের রামছড়া বিল থেকে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে পরিবারের সদস্যরা। নিহত কৃষক একই গ্রামের প্রয়াত শামছুদ্দিনের ছেলে। মজনু মিয়া স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েস রেখে গেছেন।

কৃষকের বড় ছেলে শরিফুল ইসলাম (২৪) জানান, “আমার বাবা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন। প্রায় সময় মাথা ঘুরে পড়তেন। গত রবিবার সকালে বাবা কৃষিকাজে বাড়ি থেকে বের হন। দিন গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়িতে ফিরেননি। 

অনেক জায়গায় খোঁজাখুঁজি ও মসজিদে মাইকিং করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে চাচাতো ভাই বিলে মাছ ধরতে গিয়ে ধানক্ষেতে বাবার লাশ দেখতে পায়। তার চিৎকারে লাশ বাড়িতে আনা হয়। আমরা ধারণা করছি, বাবার মাথায় রক্তচাপ বৃদ্ধি পেয়ে পড়ে মৃত্যু হয়েছে।”

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”