জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এক করদাতার কাছ থেকে ঘুষ গ্রহণ এবং তার মনোনীত আয়কর আইনজীবীকে গোপনীয় নথি সরবরাহের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কর অঞ্চল-৫, ঢাকার সহকারী কর কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সার্কেল-৯৩ এর করদাতা সালাহ উদ্দিন আহমেদের কাছ থেকে ৩৮ লাখ টাকা ঘুষ নেন। এর বিনিময়ে তিনি ওই করদাতার মনোনীত আয়কর আইনজীবীকে (আইটিপি) গোপনীয় আয়কর সংক্রান্ত নথিপত্র সরবরাহ করেন।
সেসব নথির মধ্যে ছিল পুরনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল ও ট্রাইব্যুনালের আদেশসহ বিভিন্ন গোপনীয় দাপ্তরিক নথি। এ কাজে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে সরকার মনে করছে।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি কর্মচারী বিধিমালা-২০১৮ এর বিধি-১২ অনুযায়ী তাকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।