ভারতের জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। সাবলীল অভিনয় ও সৌন্দর্য দিয়ে মুগ্ধ করে যাচ্ছেন দর্শক-শ্রোতাদের। দক্ষিণী সিনেমার আল্লু অর্জুন, মহেশ বাবু, প্রভাস, রাম চরণ, বলিউডের হৃতিক রোশান, সালমান খান, রণবীর সিংয়ের মতো বড় বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী। এরই মধ্যে ক্যারিয়ারের এক যুগ পূর্ণ করেছেন পূজা। সম্প্রতি অসুস্থতার কারণে কাজ থেকে একটি ছোট বিরতি নিয়েছিল অভিনেত্রী। তবে চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় বিশ্রামের পর এখন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের এমনটাই জানিয়েছেন এ তারকা।
ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে পূজাকে কম্বলে মোড়ানো অবস্থায় তার পোষা ফরাসি কুকুরটি কোলে নিয়ে বারান্দায় আরাম করতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘অসুস্থতার দিনগুলো। কিছু বিশ্রাম এবং সুস্থতাই ছিল একমাত্র প্রয়োজন।’
পোস্টটিতে অভিনেত্রীর ভক্তরা শুভকামনা ও ভালোবাসা জানিয়ে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘শিগগরিই সুস্থ হয়ে উঠুন, সিনেমায় আপনাকে দেখার জন্য আমরা অপেক্ষা করছি।’ অন্য একজন লিখেছেন, ‘চিন্তা করো না, হাসিমুখ থাকো রানী ... তুমি ঠিক হয়ে যাবে।’
সম্প্রতি পূজা হেগড়েকে সুপারস্টার রজনীকান্তের তামিল অ্যাকশন থ্রিলার ‘কুলি’ ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা গেছে। বিখ্যাত নির্মাতা লোকেশ কানাগরাজ পরিচালিত সিনেমাটির ‘মোনিকা’ গানে পূজার নাচ ও অভিনয় দর্শকদের দৃষ্টি কেড়েছে। অচিরেই এই অভিনেত্রীকে বেশকিছু বড় বাজেটের ছবিতে দেখা যাবে। এর মধ্যে রয়েছে ডেভিড ধাওয়ান পরিচালিত রোমান্টিক-কমেডি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’। এই সিনেমায় পূজার সহ-অভিনেতা হিসেবে থাকছেন বরুণ ধাওয়ান। এ ছাড়া আরেক বলিউড সেনসেশন ম্রুণাল ঠাকুরও এতে অভিনয় করছেন। টিপস ফিল্মস প্রযোজিত এই ছবিটি আগামী ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত রাজনৈতিক অ্যাকশন থ্রিলার ‘জন নায়ক’ ছবিতেও অভিনয় করেছেন পূজা। এইচ বিনোথ পরিচালিত চলচ্চিত্রটিতে আরও আছেন থালাপতি বিজয়, ববি দেওল, মমিতা বৈজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারায়ণ ও প্রিয়মণির মতো তারকারা। এটি তামিল সুপারস্টার বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমা।
উল্লেখ্য, ২০১২ সালে তামিল ভাষার ‘মুগামুদি’ সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখেন পূজা। এরপর তেলেগু, হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করেন। ২০১৬ সালে ‘মহেঞ্জো দারো’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এতে হৃতিক রোশানের বিপরীতে অভিনয় করেন। এটি পরিচালনা করেন আশুতোষ গোয়ারিকর।