অবশেষে বরখাস্ত হলেন চিকিৎসক ফাতেমা দোজা

তথ্য গোপন, আমন্ত্রণপত্র জালিয়াতি এবং ফৌজদারি মামলার তথ্য আড়ালসহ নানা অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা দোজাকে চাকরি থেকে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। গত বুধবার স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। ডা. ফাতেমা দোজা রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সহযোগী অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে রাখা হয়েছিল।

তার বিরুদ্ধে তথ্য গোপন করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হিসেবে পুনরায় যোগদান অভিযোগ, যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র পরিবর্তন করে কর্র্তৃপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা ও ২০০৪ সালে গৃহকর্মী নির্যাতনের মামলায় ৪ মাস ১ দিন কারাভোগের তথ্য গোপন করে ছুটি ও সুযোগ-সুবিধা গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। ২০২৩ সালের নভেম্বরে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (নং ৪২/২০২৩) করা হয়। তিনি কারণ দর্শানো নোটিসের জবাব দেননি এবং ব্যক্তিগত শুনানি চাননি। তদন্তে অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

দ্বিতীয় কারণ দর্শানো নোটিসের জবাব সন্তোষজনক না হওয়ায় বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখা হয়।