২০২১ অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠলেন নাওমি ওসাকা। চারবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ২৩ নম্বর বাছাই এই জাপানি তারকা তৃতীয় বাছাই কোকো গফকে সরাসরি সেটে হারান ৬-৩, ৬-২ গেমে।
ম্যাচ শেষে ওসাকা গফকে ‘ছোটো বোন’ সম্বোধন করে তাকে ‘অসাধারণ রোল মডেল’ হিসেবে আখ্যা দেন। ম্যাচটি তিনি ভীষণ উপভোগ করেছেন জানিয়ে ওসাকা বলেন, ‘আমি এখানে এসে ভীষণ মজা করেছি। আমার মেয়ে জন্ম নেওয়ার দুই মাস পর আমি গ্যালারিতে বসে কোকোর খেলা দেখছিলাম। আমি সত্যিই চেয়েছিলাম একদিন এখানে নেমে খেলতে। এটাই আমার প্রিয় কোর্ট এবং এখানে আবার ফিরতে পারা আমার কাছে অনেক বড় বিষয়।’
পুরো ম্যাচে ওসাকা ছিলেন দারুণ আত্মবিশ্বাসী। বারবার গফের সার্ভিস ভেঙেছেন । মাত্র এক ঘণ্টার কিছু বেশি সময়েই জয় তুলে নেন ২৭ বছর বয়সী এই টেনিস তারকা, যিনি গত কয়েক বছর নিজেকে ফিরে পাওয়ার সংগ্রামে ছিলেন। অন্যদিকে গফ ছিলেন ছন্নছাড়া। তিন মাস আগে ফ্রেঞ্চ ওপেন জিতে যেভাবে আলো ছড়িয়েছিলেন, সেই ঝলক দেখা যায়নি। ম্যাচের শেষ মুহূর্তেও লড়াইয়ের তেজ খুঁজে পাওয়া যায়নি, ম্যাচ পয়েন্টও ওসাকার হাতে তুলে দেন একটি আনফোর্সড এরর করে।
এই ইউএস ওপেন যেন ওসাকার জন্য নতুন করে জেগে ওঠার টুর্নামেন্ট। মানসিক এবং শারীরিক চ্যালেঞ্জের কারণে গত কয়েক বছর বেশ কঠিন গেছে তার। ২০২৩ সালে এক বছর বিরতি নিয়ে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এরপর থেকে কোনো গ্র্যান্ড স্ল্যামে তৃতীয় রাউন্ডের পর যেতে পারেননি।
এবার কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার ওসাকার প্রতিপক্ষ হবেন ১১ নম্বর বাছাই ক্যারোলিনা মুচোভা। এই আসরে তার আরও দূরে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল বলেই মনে করা হচ্ছে। কেননা কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর পর ক্যারিয়ারে কখনো গ্র্যান্ড স্ল্যাম হারেননি ওসাকা। হার্ড কোর্ট তার সবচেয়ে প্রিয় মঞ্চ। হার্ডকোর্টেই দুটি ইউএস ওপেন এবং দুটি অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতেছেন তিনি।