চলতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়ছে নাকি কমছে, তা স্পষ্ট হবে আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর)। এক মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ এবং ঘোষণা করার দায়িত্বে রয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
গতকাল সোমবার (০১ সেপ্টেম্বর) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকোর সেপ্টেম্বর মাসের সিপি অনুযায়ী ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত নির্দেশনা মঙ্গলবার বিকেল ৩টায় প্রকাশ করা হবে। এতে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে।
গত ৩ আগস্ট ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একইসঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে; প্রতি লিটার চার টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়।
এর আগে, জুলাইয়ে ২৩ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমানো হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৬৪ টাকা। অটোগ্যাসও কমানো হয়েছিল প্রতি লিটারে ১ টাকা ৮৪ পয়সা, নতুন দাম ৬২ টাকা ৪৬ পয়সা।
জুন মাসে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমানো হয়েছিল—১ হাজার ৪৩১ থেকে ১ হাজার ৪০৩ টাকা। তৎকালীন সময়ে অটোগ্যাসের দামও ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়। নতুন দাম ১ জুন ২০২৫ থেকে কার্যকর হয়েছিল।
সেপ্টেম্বর মাসের দাম নির্ধারণের প্রক্রিয়ায় সৌদি আরামকোর সিপি মূল মান হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারের তেলের দাম পরিবর্তনের প্রভাব সরাসরি ভোক্তাপর্যায়ে প্রতিফলিত হয়। বিইআরসির নিয়মিত মূল্য সমন্বয় ভোক্তাদের ক্রয়ক্ষমতা এবং বাজার স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।