ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন কিংবদন্তি নোভাক জকোভিচ। মঙ্গলবার জার্মান ইয়ান-লেনার্ড স্ট্রাফকে সরাসরি সেটে ৬-৩, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করেন সার্বিয়ান তারকা। ৩৮ বছর বয়সী জকোভিচ চলতি মৌসুমে প্রতিটি গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠলেন। তবে এই সাফল্যের মাঝেই ব্যক্তিগত একটি গুরুত্বপূর্ণ দিনে থাকতে পারছেন না তিনি। কোয়ার্টার ফাইনালের ম্যাচটি মিলে গেছে মেয়ে তারা’র অষ্টম জন্মদিনের সঙ্গে।
টুর্নামেন্ট শুরুর আগে থেকেই তিনি জানিয়েছিলেন, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অগ্রসর হলে জন্মদিনে মেয়ের সঙ্গে থাকতে পারবেন না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জকোভিচ বলেন, ‘আমার জীবনে অগ্রাধিকার স্পষ্ট, পরিবারই সবার আগে। গুরুত্বপূর্ণ দিনে আমি তাদের সঙ্গে থাকতে চাই। যদি এখানে সবকিছু ভালোভাবে চলে, তবে আমি মেয়ের জন্মদিনে থাকতে পারব না। আশা করি এমনটা আবার যেন না হয়।’
এই মৌসুমে পরিবারকে সময় দিতে টরন্টো ও সিনসিনাটির মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট খেলেননি জকোভিচ। তবে ইউএস ওপেনে সূচির কারণে মেয়ে তারা ও ছেলে স্তেফান কেউই বাবার সঙ্গে আসেননি, বিপরীতে উইম্বলডনে তারা পুরো টুর্নামেন্টেই উপস্থিত ছিলেন।
কোয়ার্টার ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজ। জিতলে সেমিফাইনালে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হবেন বিশ্ব র্যাঙ্কিংয়ে দুই নম্বর কার্লোস আলকারাজ। তবে আগাম কিছু ভাবতে রাজি নন জকোভিচ। তার ভাষায়, ‘একটা করে ম্যাচ খেলতে হয়, সেটাই করতে হবে।’ পরিবার নিয়ে জকোভিচের এই আবেগ টেনিস দুনিয়ায় আলোড়ন তৈরি করেছে।