৩০ বছরে একদিনও ছুটি নেননি অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী!

৩০ বছর ধরে ভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। এতো বছরে একদিনও ছুটি নেননি বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকালে ভারতীয় সংবাদ মাধ্যমে দ্য ওয়াল-এ খবর জানায়।    

প্রতিবেদনে বলা হয়, ১৯৯৫ সালের ১ সেপ্টেম্বর প্রথমবার মুখ্যমন্ত্রীর শপথ নেন এন চন্দ্রবাবু নাইডু। সেই সূত্রেই সোমবার (০১ সেপ্টেম্বর) রাজনৈতিক জীবনে তিনি তিন দশক পূর্ণ করলেন।

এই দিন এক জনসভায় যোগ দিয়ে নিজেই প্রশ্ন করলেন ‘কখনও কি আমাকে ছুটি নিতে দেখেছেন? আমি কোনও দিন অসুস্থ হইনি’। আরও বললেন, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি মানুষের জন্য, একেবারে যন্ত্রের মতো।

৭৫ বছরের নায়ডু বলেন, উন্নয়নের জন্য তিনি শুধু পরিশ্রমই করেননি, সরকারি প্রশাসনকে কঠোরভাবে কাজে লাগিয়েছেন। বাড়তি রাজস্ব থেকে মানুষের জন্য কল্যাণমূলক প্রকল্প, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছেন।

এদিকে তার এই অর্জনের বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানিয়ে পরিবারের সদস্যরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন। তার স্ত্রী নারা ভূবনেশ্বরী লিখেছেন, এ যাত্রা নিঃস্বার্থ ভক্তি ও মানুষের কল্যাণের প্রতি প্রতিশ্রুতির প্রতিচ্ছবি। ৩০ বছরের এই পথচলা এক বিরল মাইলস্টোন। সঙ্গে দিয়েছেন নায়ডুর শপথগ্রহণের পুরনো ছবি।