টি-টোয়েন্টির আরেকটি চূড়ায় চড়লেন রশিদ, আছেন সাকিব-মোস্তাফিজও

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। এতদিন এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড ছিল নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির দখলে। তবে সোমবার রাতে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন রশিদ।

ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আমিরাতের বিপক্ষে চার ওভার বল করে মাত্র ২১ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। এর ফলে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে মোট উইকেট দাঁড়াল ১৬৫টি। এতেই সাউদির ১৬৪ উইকেট সংখ্যাকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার শীর্ষে জায়গা করে নিলেন আফগানিস্তানের এই লেগ-স্পিনার।

২০১৫ সালে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের পর মাত্র এক দশকের মধ্যে রশিদ নিজেকে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জাতীয় দলের জার্সি ছাড়াও বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগ—আইপিএল, বিপিএল, বিগ ব্যাশে—তার বোলিং আধিপত্য সুস্পষ্ট। সীমিত ওভারের ক্রিকেটে আধুনিক যুগের সেরা ম্যাচ উইনারদের একজন হিসেবেই দেখা হচ্ছে তাকে। বর্তমানে টি-টোয়েন্টি উইকেট শিকারে তালিকার এক নম্বরে আছেন রশিদ খান। তার ঠিক পিছনে টিম সাউদি।

এ তালিকার তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ইশ সোধি, যার উইকেট সংখ্যা ১৫০। এক উইকেট কম শিকার করে চতুর্থ স্থানে বাংলাদেশের সাকিব আল হাসান। আর পঞ্চম স্থানে আছেন মোস্তাফিজুর রহমান। তার শিকার ১৪২ উইকেট।