এলাহাবাদ হাইকোর্ট

জিমে নারীদের পুরুষ প্রশিক্ষক নিয়ে প্রশ্ন 

জিমে নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। একই সঙ্গে পুরুষ প্রশিক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকালে ভারতীয় সংবাদ মাধ্যমে দ্য ওয়াল-এর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।   

খবরে বলা হয়, পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা ছাড়াই পুরুষ প্রশিক্ষকেরা নারীদের প্রশিক্ষণ দেন। এজন্য নানা সমস্যার সম্ভাবনা তৈরি হয়। উত্তর প্রদেশের মীরাটের নীতিন সাইনি নামে এক জিম প্রশিক্ষকের মামলার শুনানিতে এই মন্তব্য করেছেন বিচারপতি শেখরকুমার যাদব।

ওই মামলার অভিযোগে বলা হয়, জিম প্রশিক্ষক নীতিন সাইনি এক নারীকে জাতিগত অপমান করেছেন। শুধু তাই নয়, অপর এক নারীর কুরুচিপূর্ণ ভিডিও করে তা পাঠানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

আদালত জানিয়েছে, এ ধরনের কাজ ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা (নারী শ্লীলতাহানি) ও ৫০৪ ধারা (ইচ্ছাকৃত অপমান) অনুযায়ী অপরাধ হিসেবে ধরা হতে পারে।

এছাড়া অভিযুক্ত প্রশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে কিনা বা তিনি নথিভুক্ত কিনা এবং সেখানে নারী প্রশিক্ষক আছে কিনা এসব তথ্য চেয়ে আগামী ৮ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে।