বেনাপোল স্থলবন্দর

আড়াই বছর পর ভারত থেকে এলো ৬০ টন পেঁয়াজ

আড়াই বছর পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন চালানে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার মঙ্গলবার পেঁয়াজ আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন ১৫ মেট্রিক টন পেঁয়াজ বন্দরের ৩১নং ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।

বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী শ্যামল কুমার নাথ জানান, ভারত থেকে তিন চালানে ৬০ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দরে এসেছে। আমদানিকারক প্রতিষ্ঠান এস এম ওয়েল ট্রেডার্স। মান পরীক্ষা শেষে পেঁয়াজ খালাসের অনুমতি দেয়া হয়েছে।

পেঁয়াজ ব্যবসায়ী আল মামুন জানান, আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। পেঁয়াজ আমদানির খবরে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

এবার প্রতি মেট্রিক টন পেঁয়াজের আমদানি মূল্য দেখানো হয়েছে ৩০৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৩৭ হাজার ৪২৯ টাকা। সে ক্ষেত্রে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে প্রায় ৩৮ টাকা। আমদানি করা পেঁয়াজ মানভেদে ৫৭-৬০ টাকার মধ্যে বিক্রি করা সম্ভব।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, আমদানিকৃত পেঁয়াজ দ্রুত ছাড়ের জন্য বন্দরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া  হয়েছে। আজ সকালে বন্দর থেকে পেঁয়াজ খালাসের জন্য কাস্টমস হাউসে প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করা হয়েছে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বন্দর থেকে পেঁয়াজ ডেলিভারি দেওয়া হবে।