সোয়া কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এক কোটি ২০ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম মো. উজ্জল আলী (৪৭)।

ডিএমপির উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, আজ মঙ্গলবার ভোরে হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। ওই এলাকায় কয়েকজন মাদক কারবারি হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে টিমটি সেখানে অভিযান পরিচালনা করে উজ্জল আলীকে গ্রেপ্তার করে।

এ সময় তার হেফাজত হতে এক কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা।

তিনি আরো বলেন, আটক উজ্জল আলী সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত চাঁপাইনবাবগঞ্জ এবং সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছেন। তার বিরুদ্ধে ঢাকা মহানগরীসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।