মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে টিনের চাল থেকে ছাঁটাই করা গাছের ডাল সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে বেবি বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কামালকান্দি পাঁচকিত্তা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেবি বেগম কামালকান্দি পাঁচকিত্তা গ্রামের মুর্শিদ মিয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন মুর্শিদ মিয়া গাছের ডাল ছাঁটাই করলে সেটি পার্শ্ববর্তী বাড়ির টিনের বেড়ার ওপরে গিয়ে পড়ে। সেখান থেকে ছাঁটাইকৃত ডাল সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন বেবি বেগম। পরে তাকে তাৎক্ষণিকভাবে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। টিনের বেড়ার সাথে বিদ্যুতের খুঁটি ও ডিস লাইনসহ বিভিন্ন তারের সংযোগ ছিল, সে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।