টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রি ও সেবনের দায়ে উমেদ আলীকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আগতেরিল্যা গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন।
এ সময় থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত উমেদ আলী উপজেলার আগতেরিল্যা গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন জানান, গোপন তথ্যের মাধ্যমে জানতে পারি উমেদ আলী দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবন করে আসছিলেন। আজ দুপুরে পুলিশ সহকারে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। মাদক সেবন অবস্থায় তাকে হাতেনাতে ধরা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উমেদ আলীকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।