নির্বাচনী কর্মকর্তা প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির

আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ প্যানেল প্রস্তুত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তাদের এই নির্দেশ দেওয়া হয়।

প্যানেল প্রস্তুতির তথ্য সংগ্রহে মাঠ কর্মকর্তাদের ৩০ অক্টোবর পর্যন্ত সময় বেধে দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে সব জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, এজন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রেণি বা গ্রেডভিত্তিক কর্মকর্তা-কর্মচারীর তালিকা সংগ্রহ করতে হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে ইসি।

এর আগে নির্বাচন সামনে রেখে প্রায় ৯ লাখ ২৫ হাজার ৬০৫ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলো নির্বাচন কমিশন। এই মাস (সেপ্টেম্বর) থেকে সেই কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছিলো।