বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রতি একশটি মৃত্যুর মধ্যে অন্তত একটি ঘটে আত্মহত্যার কারণে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আত্মহত্যাকারীদের মধ্যে শীর্ষে রয়েছে এশিয়ার দেশ ভারত। ভারতে প্রতিবছর লাখ লাখ মানুষ আত্মহত্যা করে।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে আত্মহত্যার হার কিছুটা হ্রাস পেলেও অগ্রগতি খুবই ধীর। সংস্থার হিসাব অনুযায়ী, ২০২১ সালে বিশ্বজুড়ে আনুমানিক সাত লাখের বেশি মানুষ আত্মহত্যার মাধ্যমে জীবন শেষ করেছেন।
ডব্লিউএইচও’র মানসিক স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেভোরা কেস্টেল জানান, আত্মহত্যা এখনো একটি বড় বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট।
তার মতে, “গড়ে প্রতি একশ মৃত্যুর মধ্যে একটি আত্মহত্যা থেকে ঘটে এবং প্রতিটি ঘটনার পেছনে আরও অনেক প্রচেষ্টা থাকে, যা পরিবার ও সমাজকে দীর্ঘস্থায়ী কষ্টে ফেলে।”
ওয়ার্ল্ড মেন্টাল হেলথ টুডে শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে—তরুণদের জন্য আত্মহত্যা এখনও মৃত্যুর অন্যতম প্রধান কারণ।
২০২১ সালে ১৫ থেকে ২৯ বছর বয়সী নারীদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ ছিল আত্মহত্যা। একই বয়সী পুরুষদের ক্ষেত্রে এটি ছিল তৃতীয় প্রধান কারণ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সামাজিক-অর্থনৈতিক বৈষম্য, মানসিক স্বাস্থ্যসেবায় ঘাটতি ও সচেতনতার অভাব আত্মহত্যার ঝুঁকি বাড়াচ্ছে।