মার্করামের রেকর্ড, ইংল্যান্ডকে সহজেই হারালো দক্ষিণ আফ্রিকা

লিডসে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ছিল ১৩২ রানের। উদ্বোধনী জুটিতে প্রোটিয়ারা তোলে ১২১ রান। এরপর একটু ছন্দ পতন হলেও দক্ষিণ আফ্রিকা ম্যাচটা জিতেছে ৭ উইকেটে, ১৭৫ বল হাতে রেখে।

এইডেন মার্করাম ফিফটি পূর্ণ করেন মাত্র ২৩ বলে। দক্ষিণ আফ্রিকার ওপেনার হিসেবে যা ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ড। শেষ পর্যন্ত ৫৫ বলে খেলেন ৮৬ রানের ইনিংস। তাকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন আদিল রশিদ। মার্করামের ইনিংসে ছিল ১৩ চার ও ২ ছক্কা।

রায়ান রিকেলটন ৫৯ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। বাভুমা (৬) ও স্টাবস (০) দ্রুত না ফিরলে আরও আগেই জয় পেতে পারতো প্রোটিয়ারা।

তার আগে কেশব মহারাজ ও মুল্ডারের দারুণ বোলিংয়ে ১৩১ রানে আটকে যায় ইংল্যান্ড। ৪৩ বল আর ২৯ রানে শেষ ৭ উইকেট হারায় ইংল্যান্ড। মুল্ডার ৭ ওভারে ৩৩ রানে ৩ এবং মহারাজ ৫.৩ ওভারে ২২ রানে নেন ৪ উইকেট। ম্যাচসেরা হন কেশব মহারাজ।