এক বুক স্বপ্ন নিয়ে শোবিজে পা রাখেন উঠতি চিত্রনায়িকা রাজ রিপা। গ্ল্যামার, মিষ্টি হাসি, আর ভিন্ন পোশাকের মোহনীয় লুকে চলচ্চিত্র পরিবারে পরিচিতি পেলেও দর্শক মহলে তেমন পরিচিতি লাভ করতে পারেননি তিনি। সর্বশেষ ‘ময়না’ সিনেমাটি দিয়েও খুব একটা সাফল্যের দেখা পাননি এই অভিনেত্রী। তবে অভিনীত প্রথম সিনেমা ‘মুক্তি’ নিয়ে পরিচালক ইফতেখার চৌধুরীর ওপর ভীষণ ক্ষোভ প্রকাশ করছেন রাজ রিপা। শুধু তাই নয়, মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণাও দিয়েছেন। রাজ রিপা তার ফেসবুকের ভেরিফায়েড আইডিতে একটি পোস্টে লিখেছেন, ‘খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাব, এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন্য না। একা একা ৭ বছরের পথ পাড়ি দিয়েছি।’
তিনি লিখেছেন, ‘ভালো-মন্দ সবকিছু দেখেই সিদ্ধান্ত নিলাম। আলহামদুলিল্লাহ কারও সঙ্গে না বেইমানি করেছি, না কাউকে ঠকিয়েছি, শুধু ঠকেই গেলাম। কারও কাছে এক টাকা দেনা নেই, কিন্তু পাওনাদার হিসেবে পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে কিছু হিসাব বাকি আছে। হয়তো তিনি আমার ঋণ শোধ করবেন, নয়তো গায়ের জোরে নিজেকে সরিয়ে নেবেন।’
সিনেমা করার শখ সত্যিই মিটে গেছে উল্লেখ করে এই অভিনেত্রী লিখেছেন, পরিচালককে রেগে কিছু বলতে গেলে বলেন সিনেমার হার্ডডিস্ক নষ্ট করে ফেললে নাকি কিছুই করার থাকবে না। আমার সিনেমায় আমাকে হুমকি। ভাগ্যিস নিজে নিজে কিছু কাজ করে মনের শখগুলো পূরণ করছিলাম। তবুও আজকের পর থেকে আর না। এই শহর ছেড়ে সত্যিই চলে যাব। এই শহরের পরিচিত মানুষগুলোকেও আর চিনতে চাই না। সত্যিই এই ইন্ডাস্ট্রি আমার জন্য না। আমার অনেক রাগ আর এর জন্য যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দেবেন।’