রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার জেরে গোদাগাড়ী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বুধবার রাত ১২টা পর্যন্ত এই আদেশ জারি থাকবে। বিএনপির সংসদ সদস্য মনোনয়নপ্রত্যাশী দুই পক্ষের নেতাকর্মীরা আলাদা আলাদা সমাবেশের ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, বুধবার পৌরসভা এলাকার মহিষালবাড়িতে বিএনপির এক পক্ষ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করে। কাকনহাট পৌরসভা বিএনপির ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনোনয়নপ্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের। অন্যদিকে গোদাগাড়ী উপজেলা বিএনপি বুধবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে আলাদা কর্মসূচির ঘোষণা দেয়। এ অনুষ্ঠানে অতিথি থাকার কথা ছিল বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সুলতান ইসলাম তারেকের।
মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠানের প্রস্তুতির সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।