ম্যান সিটি ছেড়ে গুনদোয়ান বললেন ‘আমরা আবার একত্রিত হলাম’

আবারও ম্যানচেস্টার সিটি ছেড়েছেন ইলকাই গুনদোয়ান। প্রিমিয়ার লিগের ক্লাবটি ছেড়ে তিনি যোগ দিয়েছেন তুরস্কের জায়ান্ট গালাতাসারাইয়ে। ৩৪ বছর বয়সী এই জার্মান মিডফিল্ডার সিটির সঙ্গে চুক্তি শেষ করে দুই বছরের জন্য বিনামূল্যে গালাতাসারাইয়ে যোগ দিয়েছেন।

২০২৩-২৪ মৌসুম শেষে বার্সেলোনা থেকে গত মৌসুমে ফের সিটিতে ফিরেছিলেন গুনদোয়ান। দ্বিতীয় দফায় সিটির জার্সিতে খেলেছেন ৫৪ ম্যাচ, করেছেন ৫ গোলের সঙ্গে ৮ অ্যাসিস্ট। গালাতাসারাইয়ে যোগ দেওয়ার পর ইস্তানবুলে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় গুনদোয়ান বলেন, ‘আমি খুবই খুশি। এটা আমার এবং আমার পরিবারের জন্য গর্বের দিন। আমরা খুব উচ্ছ্বসিত। এখানে আসতে পেরে খুবই আনন্দিত।’

তিনি আরও যোগ করেন, ‘আশা করি দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে পারব, সতীর্থদের সঙ্গে পরিচিত হব এবং দর্শকদের জন্য দারুণ ফুটবল খেলতে পারব। ট্রান্সফারের আলোচনা হয়েছিল, তবে আমি অন্য কোথাও যেতে চাইনি। মে বা জুন মাসে গালাতাসারাইয়ের সঙ্গে কথা শুরু হয়। কিছু বিষয়ের কারণে আমাকে অপেক্ষা করতে হয়েছিল, তবে শেষ দিনে সব সাইনিং সম্পন্ন হলো এবং আমি গালাতাসারাই পরিবারের অংশ হয়ে গেলাম।’

সাবেক সতীর্থ সানের ব্যাপারেও গুনদোয়ান বলেন, ‘সানে আর আমি ভালো বন্ধু। আমরা একসঙ্গে দারুণ খেলতে পারি। দুই দিন আগে কোচ ওকানের (বুরুক) সঙ্গে দেখা করেছিলাম। তারপর সবকিছু খুব দ্রুত এগিয়েছে। তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। আমি খুব খুশি। এটা গর্বের বিষয়। আমরা ঘরে ফিরে এসেছি। এ নিয়ে আমরা সত্যিই আনন্দিত। আমরা আবার একত্রিত হয়েছি। এখন ক্লাবের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষা করছি।’

চলতি গ্রীষ্মে গুনদোয়ানকে নিয়ে ৭জন খেলোয়াড় দলে ভেড়াল গালাতাসারাই। তার আগে সিটিতে একসঙ্গে খেলা সতীর্থ লিরয় সানেও বায়ার্ন মিউনিখ থেকে ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছেন তুর্কি চ্যাম্পিয়নদের দলে। ওকান বুরুকের দল নতুন মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে। এখন পর্যন্ত চার ম্যাচে চার জয়ে শীর্ষে রয়েছে তারা। সর্বশেষ রাইজেসপোরকে ৩-১ গোলে হারিয়েছে গালাতাসারাই। ১৪ সেপ্টেম্বর আইউপস্পোরের বিপক্ষে অভিষেক হতে পারে গুনদোয়ানের।