রাজধানীর কুড়িলে বকেয়া বেতন ও ভাতা আদায়ের দাবিতে সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা। এতে বাড্ডা থেকে উত্তরার পথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কুড়িলের সড়কে নেমে দুই দিকের যান চলাচল বন্ধ করে দেন। গুলশান ট্রাফিক বিভাগ এ ঘটনার কথা জানিয়ে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে।
ফেসবুকে দেওয়া এক বার্তায় গুলশান ট্রাফিক বিভাগ জানায়, কুড়িলে ইউরোজোন ফ্যাশনের শ্রমিকরা বেতন ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং উভয় সড়ক অবরোধ করেছেন। ফলে কুড়িল থেকে বাড্ডা এবং বাড্ডা থেকে কুড়িলমুখী সব যান আটকে গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
যানবাহনের চাপ কমাতে কয়েকটি ডাইভারশন রুট নির্ধারণ করেছে ট্রাফিক বিভাগ। এর মধ্যে রয়েছে—
১. খিলখেত থেকে ফ্লাইওভার এড়িয়ে নিচ দিয়ে মহাখালী-বনানীর দিকে যাওয়া।
২. রামপুরা দিক থেকে আসা যানবাহনগুলো বাড্ডা লিংক রোড হয়ে গুলশান-১ ও গুলশান-২ হয়ে উত্তরা যেতে পারবে।
৩. রামপুরা থেকে নতুনবাজার হয়ে গুলশান-২ হয়ে উত্তরে যাওয়ার সুযোগ রয়েছে। একইভাবে যারা রামপুরা অভিমুখী, তাঁরা কুড়াতলী-মহাখালী বা কাকলী-আমতলী-তেজগাঁও রুট ব্যবহার করতে পারবেন।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান দুপুর ১টার দিকে বলেন, ‘শ্রমিকরা এখনো সড়ক অবরোধ করে রেখেছেন। উত্তরা, বাড্ডা ও রামপুরার রুটে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।’
তিনি আরও জানান, শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।