এমন কোনো শক্তি নেই, যে আগামী নির্বাচন বানচাল করতে পারবে : বাবুল

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের এমন কোনো শক্তি নেই, যে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে। 

যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন, যারা ফ্যাসিবাদের পক্ষাবলম্বন করছেন— তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সাবধান হয়ে যান। আমরা এখনো আমাদের শক্তি প্রকাশ করিনি। গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথে নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা মোকাবিলায় লক্ষ লক্ষ নেতাকর্মী প্রস্তুত রয়েছে।

বুধবার দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ চত্বরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার অতীতে আমাদের নির্মমভাবে দমন-নিপীড়ন করেছে। এখন আমাদের কথা বলতে দিতে হবে। ‌যদি অন্য কোনোভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হয়, তাহলে তা প্রতিহত করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বতরুত জামান (বদু), সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরপুর উপজেলা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।