সুন্দরবনের নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ শিকারের সময় ৮ জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। বুধবার (৩ সেপ্টেম্বর) তাদের সাতক্ষীরার বন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, মঙ্গলবার ভোর রাতের দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জেলেরা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী ও সাহেবখালী গ্রামের বাসিন্দা।
তারা হলেন- শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের বিশে গাজীর ছেলে আব্দুর সবুর (৩৬), জহুর আলী গাজীর ছেলে আব্দুল আলিম (৪৫), জয়নাল গাজীর ছেলে বুলবুল গাজী (৩৪), শওকত গাজীর ছেলে মতিউর রহমান (২৪), সাইদুর বরকন্দাস এর ছেলে মহিবুল্লাহ বরকন্দাস (২৫), আনিচুর মোল্লার ছেলে আফজাল মোল্লার (২৫), সাহেব খালী গ্রামের আব্বাস আলী মোড়লের ছেলে আনোয়ারুল মোড়ল (৪১), মৃত নওজের গাজী ছেলে নুরুজ্জামান গাজী (৩৯)।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক বলেন, দীর্ঘ ৩ মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তবে, আটক বনজীবীরা দু'দিন আগেই অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত নোটাবেকী অভয়ারণ্য এলাকায় মাছ শিকারকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে পিওআর মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।