অস্বাভাবিক ভিড়ের কারণে ভারতের কলকাতায় মেট্রোর প্রায় প্রতিটি স্টেশনে যাত্রী ভোগান্তি বেড়েছে। হঠাৎ করেই যেন মেট্রোর ব্লু লাইনের সকল পরিষেবা ভয়াবহ হতে শুরু করেছে। প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ লাখেরও বেশি যাত্রী যাতায়াত করে থাকে মেট্রোর ব্লু লাইন স্টেশন থেকে।
মেট্রো কর্মীদের একাংশ জানিয়েছেন, ব্লু লাইন বহু দিন ধরেই নানা সমস্যায় জর্জরিত। এ বার আরও কয়েকটি লাইন চালু হতেই ক্রমশ ভেঙে পড়ছে পরিষেবা। খবর এই সময়ের।
এ নিয়ে ইউনিয়নের যুগ্ম সভাপতি শুভাশিস সেনগুপ্ত বলেন, ‘মেট্রোতে মোটরম্যানের অনুমোদিত পদ সংখ্যা ৫০৯ জন। কিন্তু মোটরম্যান রয়েছেন ২৬০ জন। প্রায় ৫০ শতাংশ শূন্যপদ শুধু মোটরম্যানের ক্ষেত্রেই। শুধু গ্রিন লাইনেই মোটরম্যানের পদ রয়েছে ৬০টি এবং কর্মী আছে ৪৫ জন।’
মেট্রোর সমস্যা শুধু মোটরম্যান পদে বিপুল সংখ্যক কর্মীর অভাব এমনটাই নয়। ইউনিয়ন জানিয়েছেন, ট্রাফিক বিভাগে অর্থাৎ স্টেশন পরিচালনার জন্য নির্দিষ্ট বিভাগে ৬০০-এর বেশি পদ খালি রয়েছে। যখন একটা মাত্র লাইনে ট্রেন চলত, তখন সমস্যা এত প্রকট হয়ে দেখা দেয়নি। পর পর লাইন চালু হবার পর এবং রেকের সংখ্যা বাড়তেই সমস্যা প্রকট আকার নিয়েছে।
শ্রমিক সংগঠন মনে করছে, এখন পরিস্থিতি যে জায়গা চলে গেছে তাতে রাতারাতি লোক নিয়েও আর সমস্যা সামাল দেওয়া সম্ভব হবে না। মেট্রোর কর্মকর্তারা বলছেন, গত কয়েক বছর ধরে ব্লু লাইনের পরিষেবা খুবই অবহেলিত ও অপরিকল্পিত। আর একটা সময় যে কর্মীর অভাব ভয়াবহ আকার নেবে সেটাই বুঝতে পারেননি তারা।