লটারিতে ডিসিদের পদায়ন হবে না: জনপ্রশাসন সচিব

নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা প্রশাসক (ডিসি) পদে লটারির মাধ্যমে নিয়োগের বিষয়টি নাকচ করে দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডিসি নিয়োগ কীভাবে করা হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‌কখনও, কোনও দিন লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে পদায়ন হয়নি। এখনও হচ্ছে না, হবে না।

তিনি আরও বলেন, এখন অভিযোগের বিপরীতে তাদের (ডিসি) প্রত্যাহার করা হচ্ছে। আমাদের ফিট লিস্ট আছে। মাঝে কিছু (নতুন ডিসি পদায়ন) হয়েছে সামনে আরও হবে। আর যেখানে স্ট্যাবল আছে... যেমন যুগ্ম-সচিব (ডিসি) অনেক আছেন, আমরা নির্বাচনের আগে যুগ্ম-সচিবদের তুলে আনব। সেই সব জায়গায় ডিসিদের রিপ্লেস করতে হবে।

তিনি বলেন, ইউএনওরা হলো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। এরপর হলো ডিসি। ডিসি নিয়োগ করার জন্য আমাদের জনপ্রশাসন সংক্রান্ত সাত সদস্যের একটি কমিটি আছে। এ ছাড়া ডিসি সিলেকশন কমিটি আছে পাঁচ সদস্যের, ডিসি ফিট লিস্ট হয়। ফিট লিস্টের পর কমিটিতে সেটা তোলা হয়। সেখান থেকে দেখে ডিসি পোস্টিং হয়। সেটা প্রধান উপদেষ্টা অনুমোদন করেন। এরপর সেটা জনপ্রশাসনে আসে, আমরা প্রজ্ঞাপন জারি করে দেই। এটা জনপ্রশাসনের একক কাজ নয়। অনেকের ধারণা, এটার শুরু শেষ মনে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে, তা নয়।