উত্তরা ইপিজেডের ২৪ শিল্পকারখানা বন্ধ

উত্তরাঞ্চলের নীলফামারীতে অবস্থিত বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা) পরিচালিত উত্তরা ইপিজেডে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে ইপিজেডের প্রধান ফটকে বিশেষ তারকাঁটা ব্যারিকেড বসানো হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে এভারগ্রীন বিডি কারখানার শ্রমিকদের ২৩ দফা দাবির আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হাবিব ইসলাম (২০) নামে এক শ্রমিক নিহত হন। এর পরদিন বুধবার থেকে উত্তরা ইপিজেডের ২৪টি কারখানার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বেপজা কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে কারখানা খোলা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতাদের মাধ্যমে শ্রমিক প্রতিনিধি ও ইপিজেড কর্তৃপক্ষের মধ্যে বৈঠকের চেষ্টা চলছে। বুধবার বিকেলেই এ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি সমাধান হলে বৃহস্পতিবার থেকে কারখানা চালু হতে পারে।