রাজশাহীতে গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা দুটি হত্যাসহ মোট নয়টি মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ মোট ৫২৯ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলাগুলোর তদন্ত করেছে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গত কয়েক দিনে মামলাগুলোর অভিযোগপত্র দাখিল হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক।
সিএমএম আদালতে পরিদর্শক আবদুর রফিক বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বলেন, কয়েক দিন ধরেই একটি-দুটি করে মামলার অভিযোগপত্র পাচ্ছি। তবে আজ (বুধবার) কোনো অভিযোগপত্র আসেনি। কয়েক দিনে মোট নয়টি মামলার অভিযোগপত্র এসেছে। বুধবার আদালতে সেগুলো দাখিল করা হয়।
গত বছরের জুলাই মাসের অভ্যুত্থানে রাজশাহীতে দুজন নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, রাজশাহীর সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ২৪৪ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অন্য সাতটি মামলায় অভিযুক্ত হয়েছেন আরও ২৮৫ জন। সব মিলিয়ে অভিযুক্ত হয়েছেন ৫২৯ জন।
আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত সাকিব আনজুম হত্যা মামলায় ১১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। আর ইসলামী ছাত্রশিবিরের নেতা নিহত আলী রায়হান হত্যা মামলায় অভিযুক্ত হয়েছেন ১২৭ জন। সবমিলিয়ে দুই হত্যা মামলায় অভিযুক্ত হয়েছেন ২৪৪ জন। অন্য সাত মামলায় অভিযুক্ত হয়েছেন ২৮৫ জন। তদন্ত শেষে মোট নয়টি মামলায় ৫২৯ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মুখপাত্র গাজিউর রহমান বলেন, মামলাগুলোর তদন্তে আমরা গুরুত্বের সঙ্গে কাজ করেছি। নয়টি মামলার প্রত্যেকটির অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। সেই সঙ্গে ঘটনার প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল প্রমাণসহ বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
আরএমপির মুখপাত্র জানান, হত্যা ছাড়াও হামলা, ভাঙচুর, বিস্ফোরক ও অস্ত্র আইনে আসামিদের অভিযুক্ত করা হয়েছে। যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া গেছে, তাদেরই অভিযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। পরে একে একে বিদেশে চলে যান দলের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ অনেকে।