সিলেটে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ম্যাচের ফল আনতে হলে নেদারল্যান্ডসকে স্থানীয় রাত ৯টা ৪৮ মিনিটের মধ্যে ব্যাটিংয়ে নামতে হতো। কিন্তু সিলেটে থামেনি বেরসিক বৃষ্টি। নির্ধারিত সময়ের মধ্যে মাঠ শুকিয়ে খেলা শুরু করা সম্ভব হতো না। ফলে বাংলাদেশ ও নেদারল্যান্ডস ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।
তার আগে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। পাওয়ার প্লের আগেই খেলা দুই দফা বন্ধ হয়। পরে ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান তোলার পর আবারও বৃষ্টিতে খেলা বন্ধ হয়।
প্রথমে জানা যায়, বাংলাদেশ আর ব্যাট করবে না। এরপর ধারণা করা হচ্ছিলো রিভার্স টার্গেটে জয়ের লক্ষ্যে নামবে ডাচরা। তবে আর সেই সুযোগ হয়নি। ৯ টা ৪৮ এর কিছু সময় আগে জানিয়ে দেওয়া হয় খেলা পরিত্যক্ত। তাতে বাংলাদেশ সিরিজ জিতলো ২-০ তে। সুযোগ থাকার পরও ডাচদের হোয়াইটওয়াশ করতে পারল না লিটনের দল।
তিন ফরম্যাট মিলিয়ে এটি ছিল বাংলাদেশের ৮০০তম আন্তর্জাতিক ম্যাচ। তবে বৃষ্টির কারণে ফলাফল হলো না ম্যাচে।
ফল না আসা ম্যাচে ব্যাট হাতে চমৎকার ইনিংস খেলেন লিটন কুমার দাস। ৬ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৭৩ রান করেন বাংলাদেশের অধিনায়ক। সিরিজে দুই ফিফটিতে ১৪৫ গড়ে এই ব্যাটারের সংগ্রহ ১৪৫ রান। এমন পারফরম্যান্সে সিরিজসেরা পুরস্কার জেতেন লিটন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার তৃতীয় সিরিজসেরার পুরস্কার।