বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মাঠ মনুমেন্টালে আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। বর্তমানে যে সূচী আর্জেন্টিনা ফুটবল দলের তাতে ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটিই আর্জেন্টিনার শেষ ম্যাচ। বিশ্বকাপের পর লিওনেল মেসি হয়তো অবসর নেবেন। ফলে ঘরের মাঠে শেষ ম্যাচটি মেসি খেলতে যাচ্ছেন ভেনেজুয়েলার বিপক্ষেই।
তবে ভেনেজুয়েলা কোচ হুঁশিয়ারি দিয়ে যা বলেছেন, সেটি এমন- 'মেসি উৎসব নষ্ট করতে এসেছি।'
'মেসি উৎসব' কি? ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ ধরে নানা রকম আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টিনা ম্যাচটি হারলে বা ড্র করলে সেই উৎসবের হয়তো কিছুটা রং হারাবে। আর প্রতিপক্ষ দলের কোচ হিসেবে সেটিই চাইছেন ফার্নান্দো বাতিস্তা।
ভেনেজুয়েলার কোচ বলেন, 'আমি ছেলেদের বলেছি আমরা এখানে উৎসব করতে আসিনি। আমরা এসেছি গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে। আমি ইতিবাচকভাবে তাদের উদযাপন নষ্ট করতে এসেছি। আমাদের বাছাইপর্বে বাঁধা উতরাতেই খেলছি।'
তবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারানো যে মোটেও সহজ হবেনা সেটা ভালো করেই জানেন বাতিস্তা। শিষ্যদের সুযোগের যথাযথ ব্যবহারের কথা বলেন তিনি, 'এ ধরনের দলের বিপক্ষে সুযোগ হাতছাড়া করা চলবে না। হয়তো ১০টা সুযোগ মিলবে না, কিন্তু তিন-চারটা মিলবে।'
এবার আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দেখায় ১-১ গোলে ড্র করে ভেনেজুয়েলা।
ভেনেজুয়েলা বর্তমানে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে, তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। ষষ্ঠ স্থানে থাকা কলম্বিয়ার চেয়ে তারা পিছিয়ে আছে ৪ পয়েন্টে। শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে যাবে, সপ্তম দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে-অফে। আর্জেন্টিনা ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। তাদের শীর্ষ স্থানও নিশ্চিত।