বলিউডের তরুণ প্রজন্মের মধ্যে অন্যতম মেধাবী অভিনেত্রী ও প্রযোজক কৃতি শ্যানন। স্বল্প সময়ের ক্যারিয়ারে বেশিরভাগ ছবিতেই রোমান্টিক ছবিতে দেখা গেছে তাকে। তবে সেই বৃত্ত ভেঙে রোমান্টিক খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করে যাচ্ছেন এই অভিনেত্রী। যখনই সুযোগ পেয়েছেন ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন। নতুন খবর হলো, এবার তার ক্যারিয়ারে নতুন একটি অধ্যায় যোগ করতে যাচ্ছেন। ভারতে লিঙ্গসমতা প্রচারের লক্ষ্যে এই তারকাকে সম্মানসূচক রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। নতুন এই দায়িত্বে ভারতের নারী ও মেয়েদের শিক্ষা, নেতৃত্ব এবং উন্নতির সুযোগ তৈরি করার জন্য অংশীদার হিসেবে কৃতি কাজ করবেন। এটি দেশটিতে নারীদের সমতা প্রতিষ্ঠার জন্য সংগঠনটির লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে। এ সম্পর্কে জনপ্রিয় ব্রিটিশ সংবাদমাধ্যম মিররকে দেওয়া সাক্ষাৎকারে এই বলিউড অভিনেত্রী বলেন, ‘লিঙ্গসমতা শুরু হয় ঘর থেকেই। শিশুদের সমানভাবে বড় করা উচিত। আমরা এমন গল্প শুনে থাকি, যেখানে অনেকের পরিবারের কাছেই তাদের ছেলে এবং মেয়ে উভয়কেই শিক্ষিত করার জন্য পর্যাপ্ত অর্থ নেই। তাই তারা ছেলেকে শিক্ষিত করতে পছন্দ করে। অথচ শিক্ষা- জীবন ও ক্যারিয়ার গঠনের মূলভিত্তি। তাই ছেলে ও মেয়েকে সমানভাবে তাদের স্বপ্ন পূরণের স্বাধীনতা দেওয়া জরুরি।’ এরপর নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে কৃতি জানান, তার বাবা-মা তাকে ও তার বোন নুপুরকে সমান স্বাধীনতা দিয়ে বড় করেছেন। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি অনুভব করতাম যে, পুরুষ এবং নারী সমান। আমাকে যেভাবে বাবা-মা লালন-পালন করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের দুই বোনকে কখনো বলা হয়নি যে, আমরা কিছু করতে পারব না, কারণ আমরা মেয়ে। বাবা-মা সবসময় আমাদের স্বপ্নের পথে সমর্থন জুগিয়েছেন।’