ঢাকার যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জ ও চাঁদপুরে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও সাউন্ড গ্রেনেডসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব-১০। ব্যাটালিয়নটি গত এক বছরে ১০৭টি আগ্নেয়াস্ত্র ও ৭ হাজার ৩৯৪টি গোলাবারুদ উদ্ধার করেছে। গত মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ নেকরোজবাগ এলাকা থেকে মো. সাহিদকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে র্যাব-১০। এ সময় গ্রেপ্তার সাহিদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, চাইনিজ কুড়াল, নোজ প্লাস, সুইচ গিয়ার চাকু, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চাঁদপুরে একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে আরেকটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। এ সময় উপস্থিতি ছিলেন লে. কমান্ডার তানভীর হাসান ও সিনিয়র পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার। তিনি বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সিমেন্টের দোকান থেকে একজনকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার দেখানো স্থানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। এর আগে গত ৩১ আগস্ট যাত্রাবাড়ী থেকে চারটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও চারটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। এ ছাড়া কেরানীগঞ্জ থেকে ১১০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদপুরে থেকে অস্ত্র উদ্ধার : গত ২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁদপুর জেলার কচুয়া থানাধীন মাঝিগাছা এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘরের পাশ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, সেগুলো পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলি।
নারায়ণগঞ্জে পিস্তল ও গুলি উদ্ধার : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা নিচিন্তাপুর শরিফবাগ এলাকা থেকে সাধন সরকার ওরফে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো সিমেন্টের দোকানের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জানা যায়, তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
যাত্রাবাড়ীতে গ্রেনেড উদ্ধার : গত ৩১ আগস্ট বিকেলে যাত্রাবাড়ী বিবিরবাগিচা এলাকা থেকে চারটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেডসহ ফয়সাল খানকে গ্রেপ্তার করে র্যাব-১০। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে গত ১ সেপ্টেম্বর ডেমরা থেকে আরও চারটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গত বছর ৫ আগস্টের পর থেকে ১০৭টি আগ্নেয়াস্ত্র এবং ৭ হাজার ৩৯৪টি গোলাবারুদ্ধ উদ্ধার করা হয়েছে। লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।