প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহসভাপতি এবং ব্যবসায়ী সফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
মামলার এজাহারে বলা হয়েছে, সফিউল্লাহ আল মুনিরের নামে ও দখলে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১১ কোটি ৪৪ লাখ ৯০ হাজার ১২৫ টাকা। এর মধ্যে ৪৯ লাখ ৭৮ হাজার ৪৭৬ টাকার গ্রহণযোগ্য উৎস দেখাতে পারলেও অবশিষ্ট ১০ কোটি ৯৫ লাখ ১১ হাজার ৬৪৯ টাকার সম্পদের বৈধ উৎস বা প্রমাণ দেখাতে পারেননি। এ পরিমাণ সম্পদ তিনি অবৈধ উপায়ে অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে আসে।
দুদকের তথ্যমতে, সফিউল্লাহ আল মুনির ইনডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি এবং এশিয়া কাপ হকি ২০১৭-এর টুর্নামেন্ট কমিটির সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য এবং ক্লাবটির হকি কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার ভোগদখলে থাকা বিপুল অর্থের কোনো যৌক্তিক বা বৈধ আয়ের উৎস দেখাতে না পারায়, তা অবৈধ সম্পদ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।