ইগা সোয়াতেক বুধবার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে আমান্ডা আনিসিমোভার কাছে হারের পর সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। আলোচনার বিষয় ছিল—তিনি কি টানা ব্যস্ত মৌসুমের পর মানসিকভাবে বিশ্রামের প্রয়োজন বোধ করছেন কি না।
সোয়াতেকর এই মৌসুম ছিল অত্যন্ত ব্যস্ত। উইম্বলডন ও সিনসিনাটিতে শিরোপা জিতেছেন তিনি। উইম্বলডনের ফাইনালে আনিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দেন। এরপর তিনি সিনসিনাটিতে খেলার পর সরাসরি ইউএস ওপেনে মিক্সড ডাবলসে অংশ নেন। সিনসিনাটি থেকে নিউইয়র্কে এসে তিনি ২৪ ঘণ্টারও কম সময়ে দুটি ম্যাচ খেলেন।
এরকম অবস্থায় ক্লান্তির প্রসঙ্গে প্রশ্ন করা হলে সোয়াতেকের সঙ্গে ঐ সাংবাদিকের বাদানুবাদ হয়_
প্রশ্ন: সাম্প্রতিক সময়ে অনেক টেনিস খেলেছেন—উইম্বলডন, আমেরিকান টুর্নামেন্টগুলো, এখন এই প্রতিযোগিতা। এখন কতটা ক্লান্ত?
সোয়ানতেক: জানি না। এখানে আমার ম্যাচগুলো খুব কষ্টসাধ্য ছিল না।
প্রশ্ন: আপনার কি মনে হয় মানসিকভাবে বিশ্রাম দরকার? আমি হারের প্রসঙ্গ বলছি না।
সোয়ানতেক: কেন এমন বলছেন?
প্রশ্ন: শুধু ভেবেছিলাম, টানা অনেক কিছু চলছে। বিরতির অপেক্ষায় আছেন কি না জানতে চাইছিলাম।
সোয়াতেক: সময়সূচি তৈরির দায়িত্বে যারা আছেন, তাদের সঙ্গে কথা বলুন। আপনারই তো মানসিক বিরতি দরকার মনে হচ্ছে।
প্রশ্ন: দুঃখিত?
সোয়ানতেক: আপনারই মনে হচ্ছে মানসিক বিরতি দরকার।
প্রশ্ন: হ্যাঁ, দরকার।
সোয়াতেক: তাহলে এখানে কী করছেন?
প্রশ্ন: আমাকে টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত রিপোর্ট করতে হবে।
সোয়াতেক: গুড লাক।