ব্রাজিলে পেনাল্টি বাঁচিয়ে প্রাণ হারালেন গোলকিপার

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে এক অপেশাদার ফুতসাল টুর্নামেন্টে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পেনাল্টি সেভ করার পরপরই মাঠে ঢলে পড়ে মৃত্যুবরণ করেছেন গোলকিপার আন্তোনিও এডসন দোস সান্তোস সোউজা, যিনি ‘পিক্সে’ নামেই পরিচিত ছিলেন।

ঘটনাটি ঘটে পাড়া অঙ্গরাজ্যের অগুস্তো কোরেয়া শহরের হোসে উইলামি ফ্রেইতাস মিউনিসিপ্যাল জিমনেসিয়ামে, স্বাধীনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টের সময়। স্থানীয় গণমাধ্যম জি১ জানিয়েছে, ৩৮ বছর বয়সী এই গোলকিপার প্রতিপক্ষের শট রুখে দেন সফলভাবে। সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন করতে যাচ্ছিলেন ঠিক তখনই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।

খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে চিকিৎসা সহায়তা ডাকেন। জিমনেসিয়ামেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে দ্রুত সাও মিগুয়েলের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তার জীবন বাঁচানো যায়নি।