প্রক্টোরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে চবিতে অবস্থান কর্মসূচি

৭ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থী ও স্থানীয়দের হামলার ঘটনায় সুষ্ঠু বিচার, প্রক্টোরিয়াল বডির পদত্যাগ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১১ টায় 'অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এ  বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
 
এসময় শিক্ষার্থীরা জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে মিছিলটি কাটা পাহাড় রোড হয়ে প্রক্টর অফিসের সামনে এসে শেষ হয়। শিক্ষার্থীরা প্রক্টর অফিসের সামনে অবস্থান নেয়।

সমাবেশে শিক্ষার্থীরা সাত দফা দাবি তুলে ধরে। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দাবিসমূহ- আহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ ও চিকিৎসার ব্যবস্থা। নিরাপত্তাহীন শিক্ষার্থীদের ভ্রাম্যমাণ আবাসন ও মালামাল উদ্ধারের উদ্যোগ। চিহ্নিত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ। সুষ্ঠু তদন্তে অপরাধীদের বিচার ও নিরপরাধ এলাকাবাসীর হয়রানি বন্ধ।
অন্তর্ভুক্তিমূলক সমন্বয় কমিটি গঠন ও নিয়মিত বৈঠক। সিন্ডিকেটের সিদ্ধান্ত ও নিরাপদ ক্যাম্পাস রোডম্যাপ প্রকাশ-বাস্তবায়ন। প্রক্টরিয়াল বডির প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ।

সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জসদ জাকির বলেন, “ঘটনায় যারা ২ নাম্বার গেটের বাসা ছেড়ে এসেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আহতদের একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রশাসন বারবার একই শিক্ষার্থীদের যারা বেসরকারি হাসপাতালে চিকিৎসায় আছে তাদের কে দেখতে যাচ্ছে তাদের কথা বলতেছে। কিন্তু সরকারি হাসপাতালে যারা আছে তারা একটি চিকিৎসার পরিবেশ পাচ্ছে না। যারা বর্তমানে কোথাও থাকতে পারছে না, প্রশাসনকে তাদের ভ্রাম্যমান থাকার ব্যবস্থা করে দিতে হবে।”